বিলোনিয়ায় রাস্তা দখলমুক্ত করতে পুর পরিষদের কড়া অভিযান

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৭ মার্চ :
রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিল বিলোনিয়া পুর পরিষদ। শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাস্তার উপর অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী সরানো এবং বাড়ি থেকে রাস্তা পর্যন্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়।

পুর পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে মাইকিং ও নোটিশ দেওয়া হলেও অনেকেই নির্দেশ অমান্য করছিলেন। ফলে বাধ্য হয়েই এই অভিযান শুরু করা হয়েছে। অভিযানের সময় একাধিক ক্ষেত্রে আর্থিক জরিমানাও করা হয়।

পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সনদ দেওয়ান জানান, নোটিশ দেওয়ার পরেও কেউ গুরুত্ব দেয়নি, তাই এই পদক্ষেপ নিতে হয়েছে। এই অভিযান আগামী দিনেও চলবে। তিনি আরও সতর্ক করে বলেন, জরিমানা দেওয়ার পরও যদি কেউ রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে দখল করে রাখেন, তবে সর্বোচ্চ ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

এছাড়াও, যেসব নাগরিক দীর্ঘদিন ধরে সম্পত্তি কর বকেয়া রেখেছেন, তাঁদের দুই দিনের মধ্যে বকেয়া পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে পুর পরিষদ আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানানো হয়েছে। সেক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা থেকে শুরু করে দোকানঘর বা বাড়িঘর সিল করার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।

এই অভিযানে উপস্থিত ছিলেন পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সনদ দেওয়ান, ভাইস চেয়ারম্যান শিখা নাথ, কাউন্সিলর রিনা দাস, পুর পরিষদের বাস্তুকারসহ অন্যান্য কর্মীরা।

পুর প্রশাসনের এই পদক্ষেপে শহরে শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছেন সচেতন মহল।

Leave a Reply