কৈলাসহর, ২৭ মার্চ: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কৈলাসহর পুলিশ। শহরের আরজিএম হাসপাতাল সংলগ্ন বাঁধের পাড় এলাকায় শুক্রবার দুপুর প্রায় ১টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে চালানো অভিযানে প্রায় ৩৫ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মিঠু চৌধুরীর বাড়িতে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। তবে অভিযানের আগাম খবর পেয়ে মূল অভিযুক্ত মিঠু চৌধুরী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাড়িতে উপস্থিত তার স্ত্রী মাম্পি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
অভিযানে পুলিশ মাম্পি চৌধুরী এবং নির্মল মালাকার নামে আরও এক ব্যক্তিকে আটক করেছে। নির্মল মালাকারের বাড়ি গৌরনগর আরডি ব্লকের রাঙাউটি এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় মহকুমা পুলিশ আধিকারিক রুঘুল এ এবং কৈলাসহর থানার ওসি তাপস মালাকার সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী উপস্থিত ছিল। ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে ওসি তাপস মালাকার জানান, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। মূল অভিযুক্ত পলাতক থাকলেও তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য তল্লাশি জোরদার করা হয়েছে। আটক দুই অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

