খোয়াইয়ে অসহায় পরিবার, থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই ছেলেকে নিয়ে দিশেহারা বাবা-মা

আগরতলা, ২৭ মার্চ: একদিকে মারণ ব্যাধি থ্যালাসেমিয়া-র প্রকোপ, অন্যদিকে চরম দারিদ্র্য এই দু’য়ের চাপে কার্যত ভেঙে পড়েছে খোয়াই মহকুমার এক অসহায় পরিবার। পশ্চিম চেবরি পঞ্চায়েতের নন্দনপল্লীর বাসিন্দা রঞ্জন রায়ের দুই ছেলেই এই গুরুতর রোগে আক্রান্ত।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন দুই শিশু বর্তমানে শয্যাশায়ী। নিয়মিত রক্ত দিতে হচ্ছে, চলছে ব্যয়বহুল চিকিৎসা। কিন্তু সংসারের সীমিত আয়ে সেই খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে ছেলেদের চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যেই সহায়-সম্বল প্রায় সবই হারিয়েছেন রঞ্জন রায় ও তাঁর স্ত্রী।

এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, ছেলেদের বাঁচাতে দিশেহারা বাবা-মা মানুষের দ্বারে দ্বারে সাহায্যের আবেদন জানাতে বাধ্য হচ্ছেন। প্রতিবেশী ও স্থানীয়দের একাংশ এগিয়ে এলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলেই জানাচ্ছে পরিবার।

এই মর্মান্তিক পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি সমাজের সহৃদয় মানুষের কাছে সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানিয়েছেন অসহায় দম্পতি।

Leave a Reply