মহানবমীতে দুর্গাবাড়িতে ধর্মীয় আবহে বাসন্তী পূজা, ভক্তদের ঢল

আগরতলা, ২৭ মার্চ: চৈত্র মাসের পবিত্র মহানবমী উপলক্ষে ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি মন্দিরে অনুষ্ঠিত হল বাসন্তী পূজা। প্রতি বছরের মতো এবারও ভক্তি ও আধ্যাত্মিক পরিবেশে এই পূজা ঘিরে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।

প্রচলিত রীতি অনুযায়ী, চৈত্র মাসেই প্রাচীনকালে দুর্গাপূজার সূচনা হয়েছিল বলে মনে করেন পণ্ডিতদের একাংশ। সেই ঐতিহ্যকে সামনে রেখেই আজও চৈত্র মাসে বাসন্তী পূজা পালিত হয়ে আসছে। যদিও আশ্বিন মাসের দুর্গাপূজায় জাঁকজমক বেশি থাকে, তবুও এই বাসন্তী পূজার নিজস্ব ধর্মীয় গুরুত্ব অপরিসীম।

মহানবমীর দিনে ভোর থেকেই শুরু হয় পূজার্চনা। দিনভর চলে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, অঞ্জলি প্রদান ও প্রার্থনা। মন্দির চত্বর ভক্তদের উপস্থিতিতে ছিল সরগরম। বিশেষ করে মহা অষ্টমী ও নবমী তিথিতে ভক্তদের ঢল নামে দুর্গাবাড়িতে। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দেবী দুর্গাকে মহিষাসুরমর্দিনী রূপে আরাধনা করা হয়। এদিনও সেই নিয়ম মেনেই পূজার আয়োজন করা হয় এবং মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এদিন দুর্গাবাড়িতে পূজো দিতে উপস্থিত হন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, চৈত্র নবরাত্রির এই পবিত্র নবমী তিথিতে আগরতলার দুর্গাবাড়িতে পূজার্চনা করে মা দুর্গার চরণে প্রার্থনা জানাই এবং তাঁর আশীর্বাদ কামনা করি।

Leave a Reply