জ্বালানি শুল্ক কমানো বিশ্ববাজারের অস্থিরতার বিরুদ্ধে সুরক্ষা: নির্মলা সীতারামন, পীযূষ গয়াল

নয়াদিল্লি, ২৭ মার্চ (আইএএনএস): পশ্চিম এশিয়ার চলমান সঙ্কটের প্রেক্ষিতে কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের ওপর কেন্দ্রীয় আবগারি শুল্ক লিটারপিছু ১০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপকে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি হিসেবে ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

তিনি বলেন, “পশ্চিম এশিয়ার সঙ্কটের কথা মাথায় রেখে পেট্রোল ও ডিজেলের ওপর কেন্দ্রীয় আবগারি শুল্ক লিটারপিছু ১০ টাকা করে কমানো হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব থেকে ভোক্তারা সুরক্ষা পাবেন।”

অর্থমন্ত্রী আরও জানান, সরবরাহ অনিশ্চয়তার মধ্যে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ডিজেল ও এভিয়েশন টারবাইন ফুয়েল-এর ওপর রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছে। বিশেষ করে এটিএফ-এর ওপর লিটারপিছু ৫০ টাকা বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক বসানো হয়েছে।

একই সুরে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল এই পদক্ষেপকে ‘দূরদর্শী সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এতে একদিকে যেমন সাধারণ মানুষের খরচ কমবে, অন্যদিকে রপ্তানির ওপর নিয়ন্ত্রণ এনে দেশের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করা যাবে।

গয়াল বলেন, “পশ্চিম এশিয়ার সঙ্কট বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করলেও, কেন্দ্র সরকার আবগারি শুল্ক কমিয়ে সরাসরি মানুষের কাছে স্বস্তি পৌঁছে দিয়েছে। পাশাপাশি ডিজেল ও এটিএফ-এর ওপর কৌশলগত রপ্তানি শুল্ক আরোপ করে দেশের অর্থনীতির গতি বজায় রাখার ব্যবস্থা করা হয়েছে।”

মন্ত্রীদের মতে, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও দেশীয় অর্থনীতিকে বহিরাগত ধাক্কা থেকে রক্ষা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম শুক্রবার প্রায় ১০০ ডলারের কাছাকাছি ঘোরাফেরা করছে। ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার সংঘাত বৃদ্ধি এবং হরমুজ প্রণালীতে সরবরাহ বিঘ্নের আশঙ্কায় এই সপ্তাহে দাম ৫ শতাংশের বেশি কমেছে বলেও জানা গেছে।

Leave a Reply