চিলড্রেন্স পার্কে বসছে চৈত্র মেলা, পুরনিগমে ব্যবসায়ীদের উপচে পড়া ভিড়

আগরতলা, ২৪ মার্চ: চৈত্র মেলাকে সামনে রেখে আগরতলা পুর নিগমের সামনে মঙ্গলবার সকাল থেকেই ব্যবসায়ীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করতে ভিড় জমায় বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা।

এই প্রসঙ্গে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, চলতি বছরে চৈত্র মেলা চিলড্রেন্স পার্কে আয়োজন করা হবে। ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে পুর নিগমের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে স্টলগুলিতে আচ্ছাদনের ব্যবস্থা করা হচ্ছে, যাতে আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও ব্যবসা পরিচালনায় সমস্যা না হয়।

তিনি আরও জানান, প্রায় ৪০০ থেকে ৫০০ জন ব্যবসায়ীর জন্য ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মেলার সার্বিক পরিবেশ সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মেয়র ব্যবসায়ীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, সকলেই যেন নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করেন এবং মেলার পরিবেশ যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

Leave a Reply