ধর্মনগর, ২৪ মার্চ : উত্তর ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে জোরকদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহর চক্রবর্তীর নেতৃত্বে সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি প্রচার, উঠানসভা সহ বিভিন্ন কর্মসূচিতে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা।
মঙ্গলবার সকাল প্রায় সাতটা নাগাদ প্রার্থী জহর চক্রবর্তী দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বের হন। ধর্মনগর আলগাপুর রোড, বড়ুয়াকান্দি, হরিজন কলোনি সহ একাধিক এলাকায় গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং বাড়ি বাড়ি প্রচার চালান।
প্রচারের ফাঁকে জহর চক্রবর্তী বলেন, সদ্যপ্রয়াত ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন যে সমস্ত উন্নয়নমূলক কাজ অসমাপ্ত রেখে গিয়েছেন, সেগুলি সম্পূর্ণ করাই তার প্রধান লক্ষ্য। পাশাপাশি শহর থেকে গ্রাম পর্যন্ত চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। বিগত দিনে এই কেন্দ্রে হওয়া উন্নয়নের কথাও ভোটারদের সামনে তুলে ধরেন।
তিনি আরও জানান, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা উপনির্বাচনকে সামনে রেখে হাতে সময় খুবই সীমিত। তাই কোনও সময় নষ্ট না করে নিরবচ্ছিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন দলীয় কর্মী-সমর্থকরা।
বিরোধী দলগুলিকে কটাক্ষ করে তিনি দাবি করেন, কংগ্রেস ও সিপিআই(এম) সারা বছর নিষ্ক্রিয় থেকে শুধুমাত্র নির্বাচনের আগে সক্রিয় হয়। সাধারণ মানুষের সঙ্গে তাদের স্থায়ী যোগাযোগ নেই বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে, বিজেপি সর্বদাই মানুষের পাশে থাকে এবং নিয়মিত জনসংযোগ বজায় রাখে বলে দাবি করেন জহর চক্রবর্তী।
আসন্ন উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও মন্তব্য করেন বিজেপি প্রার্থী।

