নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২০ মার্চঃ
নেশা কারবারের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। বলেরডেফা এলাকা থেকে এক নেশাকারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম মান্নান মিয়া (৩৬)। তার পিতার নাম মৃত জয়নাল আবদীন। তিনি সিপাহিজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত বলেরডেফা এলাকার বাসিন্দা।
জানা যায়, ২০১৬ সালের একটি মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় তার নাম উঠে এসেছিল। এরপর থেকেই তিনি দীর্ঘ প্রায় এক দশক ধরে বিলোনিয়া ও সোনামুড়া থানার এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। আটকের পর সমস্ত আইনি প্রক্রিয়া মেনে তাকে বিলোনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বিশেষ পুলিশ দল তাকে জিজ্ঞাসাবাদ করে সোনামুড়া ও বিলোনিয়া এলাকার একাধিক ড্রাগ পেডলারের নাম-ঠিকানা সংগ্রহ করেছে।
পুলিশ জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় যাচাই প্রক্রিয়া চলছে। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসায় আশা করা হচ্ছে, আগামী দিনে এই এলাকায় আরও বেশ কয়েকজন নেশা কারবারিকে গ্রেফতার করা সম্ভব হবে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদকবিরোধী অভিযানে পুলিশ আরও তৎপর হয়েছে।

