আগরতলা, ১৮ মার্চ: টিটিএএডিসি (ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ) সাধারণ নির্বাচনের নির্ধারিত তারিখ পুনঃনির্ধারণের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালেন বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সমাজপতিরা।
আজ রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রেরিত এক আবেদনে সমাজপতিরা উল্লেখ করেন, কমিশন ২০২৬ সালের ১৩ এপ্রিল টিটিএএডিসি নির্বাচনের দিন ঘোষণা করেছে। কিন্তু প্রতিবছর ১৩ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত টিটিএএডিসি এলাকার বিভিন্ন উপজাতি সম্প্রদায় ঐতিহ্যবাহী উৎসব—বিজু, বৈশু, বিহু, সাংরাই, পরব ইত্যাদি উদযাপন করে থাকে। পাশাপাশি ১৩ থেকে ২১শে এপ্রিল পর্যন্ত গড়িয়া পূজা উপলক্ষে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আবেদনে বলা হয়, এই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে সাধারণ মানুষের অংশগ্রহণে ব্যাঘাত ঘটতে পারে এবং একদিকে যেমন ঐতিহ্যবাহী উৎসব ক্ষতিগ্রস্ত হবে, তেমনি নির্বাচনী প্রক্রিয়াতেও প্রভাব পড়বে।
এই পরিস্থিতিতে ১৩ থেকে ১৫ এবং ২১ এপ্রিলের পরিবর্তে অন্য কোনও উপযুক্ত তারিখে টিটিএএডিসি সাধারণ নির্বাচন পুনঃনির্ধারণের জন্য কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে।

