কাবুল, ১৭ মার্চ: আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন (আইএইচআরএফ) কাবুলে একটি পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে স্বাধীন তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি তুলেছে।
সংস্থার অভিযোগ, কাবুল-এর পুল-ই-চারখি এলাকায় অবস্থিত ২,০০০ শয্যার ‘ওমিদ অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতাল’-এ এই হামলায় ৪০০-রও বেশি মানুষ নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই চিকিৎসাধীন সাধারণ নাগরিক ছিলেন বলে জানানো হয়েছে।
আইএইচআরএফ এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র কখনওই সংঘর্ষের লক্ষ্য হতে পারে না। এই ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার নীতির গুরুতর লঙ্ঘন।
সংস্থাটি অবিলম্বে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত, দোষীদের শাস্তি এবং চিকিৎসা প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর মুখপাত্র আব্দুল মতিন কানে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই হামলার “যোগ্য জবাব” দেওয়া হবে। তিনি এটিকে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলে উল্লেখ করেন।
বর্তমানে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজ চালাচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তান ও পাকিস্তান-এর মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বিমান হামলা, গোলাবর্ষণ ও পাল্টা অভিযোগের ঘটনা বাড়ছে।

