আগরতলা, ১৩ মার্চ : বাড়ি ভাড়া নিয়ে শহরের নেশার রমরমা ব্যবসা চালিয়ে যাওয়া তিনজন যুবককে গ্রেফতার করে পুলিশ। এলাকাবাসীর কাছ থেকে গোপন খবরের ভিত্তিতে রাজধানীর ধলেশ্বর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তাদের সাথে জড়িত রয়েছে বড় একটা চক্র বলে প্রাথমিক ধারণা পুলিশের।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে ধলেশ্বর ১০ নম্বর রোড এলাকায় এক ভাড়াবাড়ি থেকে নেশা সামগ্রী বিক্রয় করা হয়। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে প্রসেনজিৎ দে ওরফে কুডু নামে এক যুবককে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দুইজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, আটক প্রসেনজিৎ দের কাছ থেকে প্রায় ১৮০০টি ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আটক তিনজনকেই শুক্রবার আদালতে তোলা হবে এবং গোটা ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

