News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের অবৈধ বাঁধে বানভাসি হবার আশঙ্কা, আতঙ্কে বিলোনিয়া সীমান্তবর্তী গ্রামগুলি
Image

বাংলাদেশের অবৈধ বাঁধে বানভাসি হবার আশঙ্কা, আতঙ্কে বিলোনিয়া সীমান্তবর্তী গ্রামগুলি

 বিলোনিয়া, ১৮ই মে: সীমান্তবর্তী মুহুরি নদীর উত্তর পাড়ে বর্ষার আগেই জলবন্দি হবার আতঙ্কে দিন কাটাচ্ছে বিলোনিয়া শহর সংলগ্ন এলাকার মানুষজন। অভিযোগ উঠেছে, আন্তর্জাতিক সীমান্ত চুক্তি লঙ্ঘন করে বাংলাদেশ সরকার সীমান্ত সংলগ্ন এলাকায় প্রায় ১৫ থেকে ২০ ফুট উচ্চতার এক কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণ করেছে, যেখানে কোনও জল নিঃসরণের পথ রাখা হয়নি। এর ফলে গত শনিবার রাতে মাত্র দুই ঘণ্টার টানা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে সুকান্ত নগর পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া, বল্লামুখা এলাকা সহ একাধিক গ্রাম।
স্থানীয়রা জানায়, সুকান্ত নগর, নেতাজি সুভাষ চন্দ্র নগর ও ঈশান চন্দ্র নগর পঞ্চায়েতের প্রায় পাঁচ শতাধিক পরিবারের উপর এই জলযন্ত্রণা চেপে বসেছে। বাঁধ তৈরির সময় আগে যে নালা ছিল তাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনও ধরনের নির্মাণ কাজ সীমান্ত পিলার থেকে কমপক্ষে ১৫০ গজ দূরে করা বাধ্যতামূলক। কিন্তু বাংলাদেশ সরকার এই নিয়ম লঙ্ঘন করে কোথাও ৫০ গজ, আবার কোথাও ১০ গজ দূরে এই বাঁধ নির্মাণ করেছে।
এলাকাবাসীর বক্তব্য, তারা বহুবার দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি জানিয়েছে এবং দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বর্তমানে শত শত কানি জমির কৃষিজ ফসল ও পুকুর জলমগ্ন হয়ে পড়েছে।
বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা। ক্ষুব্ধ গ্রামবাসীরা দাবি তুলছেন, বাংলাদেশের তৈরি বাঁধের পুরনো নালার পথ পুনরায় খুলে দেওয়া হোক, অথবা ভারতীয় ভূখণ্ডে আইসি নগর ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি নতুন নালা নির্মাণ করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।
প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে সীমান্তবর্তী এই এলাকায় অবিলম্বে সমাধানের পথ না খোঁজা হলে আগামী দিনে তা বড় ধরনের পরিবেশ ও মানবিক সংকটের রূপ নিতে পারে বলেই মনে করছেন স্থানীয় বিশেষজ্ঞরা।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top