কলকাতা, ২২ আগস্ট (হি. স.): এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপাদমস্তক ক্রিকেটপ্রেমী ছিলেন। বললেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর স্মরণসভায় এই মন্তব্য করেন তিনি। স্মরণসভায় সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, উভয়ের মধ্যেই দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বিদেশ থেকে খেলা শেষে ফেরার পর টেলিফোনে নিয়মিত কথা হত। আপাদমস্তক ক্রিকেটপ্রেমী ছিলেন তিনি।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদিন বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণসভা আয়োজিত হয়। শোকপ্রস্তাব পাঠ করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বক্তব্য রাখেন। স্মৃতিচারণের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র। সীতারাম ইয়েচুরির ভিডিও বার্তা পাঠ করা হয়েছে স্মরণসভায়। সঙ্গীত পরিবেশন করেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র–ও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও উর্মিমালা বসু কবিতা পাঠ করেন।

