নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ মার্চ: অবশেষে গতকাল গভীর রাতে কৈলাসহর মাগরুলী শেখপাড়া ৫নং ওয়ার্ড এলাকা থেকে নাবালিকা অপহরণ কান্ডে জড়িত থাকার কারণে ১ অভিযুক্তকে গ্রেপ্তার করল কৈলাসহর ইরানি থানার পুলিশ।
উল্লেখ্য, যে গতকাল কৈলাসহর বৌলাবাসা এলাকা থেকে ১৪ বছরের এক হিন্দু নাবালিকাকে বলপূর্বক কৈলাসহর ইরানি থানার অধীনে শেখপাড়া ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ফুল মিয়ার ছেলে জাহিদ হাসান অপহরণ করে নিয়ে যায়। পাশাপাশি জাহিদ হাসানের সাথে অপর আরেকটি যুবক ছিল বলেও স্থানীয়রা জানায়। যদিও ওই যুবকের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
পরবর্তী সময় বৌলাবাসা এলাকার বাসিন্দারা ও বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃত্বরা এসে কৈলাসহর থানার দারস্ত হয়। পরবর্তী সময় ওই নাবালিকার পিতা জাহিদ হাসানের বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে।
কৈলাসহর মহিলা থানার পুলিশ ও ইরানি থানার পুলিশের সহযোগিতায় মাগুরুলি শেখপাড়া ৫ নং ওয়ার্ড এলাকা থেকে জাহিদ হাসানের বাড়ি থেকে ওই নাবালিকাটিকে উদ্ধার করে।
এই খবর বৌলাবাসা এলাকার বাসিন্দারা ও বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃত্বরা খবর পাওয়ার পর কৈলাসহর থানার সামনে পথ অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। অবরোধকারীদের দাবি অবিলম্বে ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আর তা না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
টায়ারের আগুন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা নেভাতে আসলে সেই অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িটির মধ্যেও ইট পাটকেল ছুটতে থাকে অবরোধকারীরা। তারপর ঘটনাস্থল থেকে ফিরে যেতে হয় অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িটিকে।
এরপর কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্যের নেতৃত্বে ওই নাবালিকাটিকে কৈলাসহর মহিলা থানায় নিয়ে আসলে অবরোধকারীদের কাছে বাধার সম্মুখীন হতে হয় পুলিশের।
কেননা অবরোধকারীদের দাবি নাবালিকাকে উদ্ধার করতে পারল পুলিশ কিন্তু এখন পর্যন্ত অভিযুক্ত যুবকটিকে কেন আইনের আওতায় আনতে পারল না বলে ওরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে।
পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। উনি এসে অবরোধকারীদের সাথে দীর্ঘ সময় আলাপ-আলোচনা করেন এবং তিনি বলেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হবে। এরপর উনার আশ্বাসে আশ্বস্ত হয়ে পথ অবরোধ মুক্ত করে নেয় অবরোধকারীরা।
পরবর্তী সময় গতকাল রাত্রিবেলা মাগরুলী গ্রাম পঞ্চায়েত এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুল মুনিম লিটন, এবং ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবদুল হাদী ও বর্তমান মাগরুলী গ্রাম পঞ্চায়েতের প্রধানের তৎপরতায় ওই যুবকটিকে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে আনে এবং কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের উপস্থিতিতে ইরানি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
উক্ত বিষয় নিয়ে জাহিদ হাসান সংবাদ মাধ্যমকে জানায় সে অপহরণ করেনি ওই নাবালিকাকে ওই নাবালিকা নিজ ইচ্ছায় ওর বাড়িতে এসেছে। তবে যাই হোক উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা কৈলাসহর মহকুমা জুড়ে।

