কলকাতা, ১০ জানুয়ারি, (হি.স.): শিক্ষক নিয়োগ মামলায় ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। কিছুদিন আগেই ২০১৬ সালের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাঁর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশ খারিজ করে দিল।
গত ৩ জানুয়ারি রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের জন্য ডেডলাইন বেঁধে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।গত বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে তিনি সাফ জানিয়েছিলেন, আগামী ১০ দিনের মধ্যে প্রাথমিকের ৪২ হাজার ৯৪৯ জন প্রার্থীর প্যানেল প্রকাশ করতে হবে পর্ষদকে। তিনি আরও জানিয়েছিলেন, যদি ওইসময়ের মধ্যে পর্ষদ প্যানেল প্রকাশ করতে না পারে সেক্ষেত্রে আদালতে জমা দিতে হবে হার্ডকপি।
পর্ষদের যুক্তি খারিজ করে দু’টি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল দেখতে চেয়েছিল আদালত। প্যানেল প্রকাশ না করে পর্ষদ কি কাউকে আড়াল করতে চাইছে? এই প্রশ্নও তুলেছিলেন বিচারপতি সিনহা। একইসঙ্গে বেআইনিভাবে চাকরি পেয়েছেন, এমন ৯৪ জনকে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানিয়েছিলেন তিনি।

