অসমে সর্বকালীন রেকর্ড ভঙ্গ, মাধ্যমিকে পাশের হার বেড়ে ৭২.৬৯ শতাংশমেধা তালিকার শীৰ্ষ দশে ৬১ জন

গুয়াহাটি, ২২ মে (হি.স.) : কোভিড অতিমারির দু-বছর বাদ দিয়ে অসমে এবারের মাধমিকের ফলাফল সর্বকালীন রেকর্ড ভঙ্গ করেছে। এবারের ২০২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিকে পাশের হার বেড়ে হয়েছে ৭২.৬৯ শতাংশ। ঘোষিত ফলাফল অনুযায়ী এবার মাধ্যমিকে মেধা তালিকার প্রথম দশে স্থান দখল করেছেন ৬১ জন ছাত্রছাত্রী।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সোমবার সকাল ঠিক দশটায় অসম মাধামিক শিক্ষা পর্ষদ (সেবা) পরিচালিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল সেবা-র ১০টি ওয়েবসাইটে আপলোড করে ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী এবার মাধ্যমিকে ছাত্রীদের টেক্কা দিয়েছে ছাত্ৰরা। ছাত্রের উত্তীৰ্ণের হার ৭৪.৭১ শতাংশ এবং ছাত্ৰী উত্তীৰ্ণের হার ৭০.৯৬ শতাংশ। আজ ঘোষিত ফলাফলে জেলা ভিত্তিতে ৮৮.৬৮ শতাংশ উত্তীৰ্ণের হারে প্ৰথম স্থান দখল করেছে চিরাং জেলা। অন্যদিকে ৫৯.৮০ শতাংশ উত্তীৰ্ণ হয়ে হারের তালিকায় সর্বনিম্ন স্থান পেয়েছে গোয়ালপাড়া জেলা।

এবার হাইস্কুল পরীক্ষায় অবতীৰ্ণ হয়েছিল মোট ৪ লক্ষ ১৫ হাজার ৩২৪ জন শিক্ষাৰ্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ লক্ষ ১ হাজার ৮৭৯ জন। পাশের হার ৭২.৬৯ শতাংশ। প্ৰথম বিভাগে পাশ করেছে ৯৪,৯১৩ জন, দ্বিতীয় বিভাগে ১ লক্ষ ৪৮ হাজার ৫৭৩ এবং তৃতীয় বিভাগে ৫৮ হাজার ৩৯৪ জন পাশ করেছে। এছাড়া ডিস্টিংশন পেয়েছেন ৮,৫১৭ জন, স্টার নম্বর ১৮ হাজার ৬৫৩ জন শিক্ষাৰ্থী। উল্লেখ্য গত শিক্ষাবৰ্ষে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় উত্তীৰ্ণের শতাংশের হার ছিল ৫৬.৪৯। এ বছর এই হার বেড়ে হয়েছে ৭২.৬৯ শতাংশ।