টিভিতে আপত্তিকর মন্তব্য, আটক মণিপুরের স্থানীয় পত্রিকা-সম্পাদক, পরে মুক্তি, নিন্দা সংবাদ মহলের

ইমফল, ৪ জানুয়ারি (হি.স.) : টিভিতে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মণিপুর পুলিশ আটক করেছে স্থানীয় একটি পত্রিকার সম্পাদককে। তিনি মণিপুরি দৈনিক সানালেইবাক-এর সম্পাদক হেমন্তকুমার নিঙ্গোম্বাম। ইমফল পূর্ব জেলার ইরলবুং থানার পুলিশ আজ বুধবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করলেও কয়েক ঘণ্টা পর হেমন্তকুমার নিঙ্গোম্বামকে পুলিশ মুক্তি দিয়েছে।

এদিকে সাংবাদিক তথা পত্রিকার সম্পাদককে আটক করার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অল মণিপুর ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়ন (এএমডব্লিউজেইউ) এবং এডিটরস গিল্ড (ইজিএম)। দৈনিক পত্রিকার সম্পাদককে আটকের প্রতিবাদ জানাতে পদক্ষেপ গ্রহণের রূপরেখা তৈরি করতে আজ সকাল ১০টায় ইমফলে অবস্থিত প্রেস ক্লাব মণিপুরে বৈঠকে বসেন দুই সংগঠনের শীর্ষ পদাধিকারীরা।

আজ সকালে আচমকা সানালেইবাক-এর সম্পাদক হেমন্তকুমার নিঙ্গোম্বামকে তাঁর বাসভবন থেকে যেভাবে পুলিশ তুলে নিয়ে গেছে তার তীব্র নিন্দা জানিয়েছে এএমডব্লিউজেইউ এবং এডিটরস গিল্ড (ইজিএম)৷ বৈঠকের পর এএমডব্লিউজেইউ এবং এডিটরস গিল্ড একটি যৌথ বিবৃতি জারি করে বলেছে, হেমন্তকুমার একজন সম্মানিত সম্পাদক৷ তিনি পলাতক আসামীও নন৷ স্থানীয় একটি টিভি চ্যানেলে প্যানেল আলোচনায় তাঁর বক্তব্যের জন্য তাঁকে যেভাবে তুলে নেওয়া হয়েছে তা সমাজে তাঁর মর্যাদাকে প্রভাবিত করেছে৷

সাংবাদিকদের দুই সংগঠনের আরও অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে অফিস চলাকালীন জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে জানাতে পারতেন। যেহেতু তাঁর বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয়নি। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে রাজ্য সরকারের কাছে লিখিত আবেদন জানানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৈঠকে। বিবৃতিতে লেখা হয়েছে, আর যদি এ ধরনের ঘটনা আবার ঘটে, তা-হলে রাজ্য তথা গোটা দেশের সাংবাদিক সম্প্রদায় ঘুমিয়ে থাকবে না। রাজ্যের সাংবাদিকদের সুরক্ষার জন্য আইনি ব্যবস্থার পাশাপাশি সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, ২০২১ সালে মণিপুর পুলিশ একজন স্থানীয় সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম (৪১) এবং লেইচম্বম (৪০) নামের জনৈক সমাজকর্মীকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের (এনএসএ) অধীনে রুজুকৃত মামলার ভিত্তিতে গ্রেফতার করেছিল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, কোভিড-১৯-এ সংক্রমিত হয়ে মণিপুরের প্রদেশ বিজেপি সভাপতি এস টিকেন্দ্র সিঙের মৃত্যুর বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টের জন্য তাঁদের গ্রেফতার করা হয়েছিল।
এছাড়া, ২০১৮ সালে সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন। ওই ভিডিও পোস্টে তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপত্তিকর ভাষায় নিন্দা করেছিলেন। এ ঘটনার পর তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের বলে মামলা করা হয়েছিল। ওই মামলার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে জেলেও পাঠিয়েছিল পুলিশ। কারাবাসের মেয়াদ কাটিয়ে ২০১৯ সালের এপ্রিলে তিনি কারাগার থেকে মুক্তি পান।