নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স) : বিগত কয়েক মাস ধরে ভারতীয় ক্রিকেটে চর্চায় বিরাট কোহলির অফ ফর্ম, সেঞ্চুরি না পাওয়া, অশ্বিনকে না খেলানো, বিশ্বকাপে শোচনীয় ফল, অধিনায়কত্ব বিতর্ক ছিল। এবার সামনে দক্ষিণ আফ্রিকার কঠিন পরীক্ষা। ২০১৮ সালে যখন শেষবার বিরাট দক্ষিণ আফ্রিকা সফরে আসেন তখন তিনি ১৫৩ রানের দারুণ ইনিংস খেলেন।
এবার তিনি নামবেন আরও পরিণত ও অভিজ্ঞ হয়ে। ২০১৯ থেকে নেই শতরান। তার ওপর অধিনায়কত্ব থেকে বিদায় হওয়া। বর্তমানে ৭০টা আন্তর্জাতিক শতরান রয়েছে কোহলির ঝুলিতে। রিকি পন্টিয়ের কাছে রয়েছে ৭১টা শতরান। গতবার দক্ষিণ আফ্রিকায় মোট ৫টা ইনিংস ব্যাট করে কোহলি করেছিলেন ৫৫৮ রান। গত ৫৫.৮০।
কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা মনে করেন, কোহলি দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জের সামনে নিজের পুরনো ছন্দে ফিরে আসবে। তিনি বলেন, ‘গতবার বিরাট সেঞ্চুরিয়ানে একটা দারুণ ইনিংস খেলেন। আমি আশা করি এবারও ও সেটাই করবে। ওর সব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওকে পুরনো রূপে দেখতে। ও এখন পরিণত মানুষ। দীর্ঘদিন ধরে ও অধিনায়কত্ব করছে। রান করার ব্যাপারে ও প্যাশনেট। এইবার ভক্তরা আসল বিরাটকে দেখতে চায়।’

