অন্ধ্রপ্রদেশে ওমিক্রনে সংক্রমিত আরও দু’জন, মোট আক্রান্ত বেড়ে ৪

অমরাবতী, ২৪ ডিসেম্বর (হি.স.): ভারতের বিভিন্ন রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, শুক্রবার পর্যন্ত ভারতের ১৭টি রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। অন্ধ্রপ্রদেশে শুক্রবার আরও দু’জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। নতুন করে দু’জন সংক্রমিত হওয়ার পর অন্ধ্রে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪।

শুক্রবার অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, অন্ধ্রপ্রদেশে আরও দু’জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। একজন বিশাখাপত্তনমে এবং অপরজন পূর্ব গোদাবরী জেলায়। উভয়েই বিদেশ থেকে ফিরেছেন। পূর্ব গোদাবরী জেলা মেডিকেল ও স্বাস্থ্য অফিসার কে ভি এস গৌরীশ্বরা রাও জানিয়েছেন, ৩৪ বছরের একজন যুবতী সম্প্রতি কুয়েত থেকে ফিরেছিলেন, তিনি ওমিক্রনে আক্রান্ত। গত ১৯ ডিসেম্বর বিজওয়াড়া এসেছিলেন তিনি। তিনি একজন হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়াও ৩৩ বছরের একজন যুবক ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। গত ১৫ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহী থেকে বিশাখাপত্তনমে ফিরেছিলেন তিনি।