নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স) :জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর আগামী সপ্তাহে সম্ভবত পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফের নাম ঘোষণা করতে পারে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পরবর্তী সিডিএস-কে বেছে নিতে সরকার একটি প্যানেল তৈরি করতে পারে। এর পর তিন বাহিনীর সুপারিশ ওই প্যানেলের কাছে জমা পড়বে। তাঁদের মধ্যে থেকে একজনকে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে মনোনীত করবে প্যানেল। সেই নাম সুপারিশ হিসেবে পাঠানো হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে। চূড়ান্ত অনুমোদন দেবে ক্যাবিনেটের নিয়োগ কমিটি। তার পরই রাওয়াতের উত্তরসূরি হিসেবে দায়িত্ব তুলে নেবেন নতুন সিডিএস।
দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হওয়ার দৌঁড়ে অন্যানদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরভানে।৷ এর কারণ প্রধানত দুটি। তিন বাহিনীর মধ্যে এই মুহূর্তে নরভানে সবচেয়ে প্রবীণ সেনা অফিসার। আগামী বছর এপ্রিল মাসে সেনাপ্রধান হিসেবে তিনি অবসর নেবেন। সূত্রের অবসরের আগেই নরভানে সিডিএস হিসেবে দায়িত্ব তুলে নেবেন। জেনারেল রাওয়াতের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা দ্রুত পূরণ করতে চায় কেন্দ্র। দু’বছর আগে তৈরি এই পদটির গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। তার উপর জেনারেল রাওয়াত পদটির প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছিলেন তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিকতা দিয়ে। তাই এই পদটি বেশিদিন ফাঁকা রাখা যাবে না। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিডিএস হওয়ার ক্ষেত্রে তেমন নির্দিষ্ট কোনও মাপকাঠি নেই। সীমান্ত সুরক্ষার ব্যাপারে বিভিন্ন চ্যালেঞ্জ কড়া হাতে মোকাবিলা করাই প্রধান বিবেচ্য ৷



















