ত্রিপুরা

নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, রহস্য ঘনীভূত

আগরতলা, ৯ অক্টোবর: উদয়পুরের সোনামুড়া চৌমুহনী এলাকায় তিনতলা একটি ভবনের উপর থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিকের। আজ ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কী কারণে ওই শ্রমিক উপর থেকে নিচে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে দানা বেঁধেছে রহস্য।

জানা যায়, নির্মাণকাজ চলাকালীন কোনও এক সময় তিনতলা ভবন থেকে নিচে পড়ে যান ওই শ্রমিক। তাঁর পড়ে যাওয়ার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ও নির্মাণকাজে নিযুক্ত অন্যান্য শ্রমিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে তাঁরা রাস্তার পাশে নালার কালভার্টের উপর ওই শ্রমিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আর. কে. পুর থানার পুলিশ। কীভাবে ওই শ্রমিক তিনতলা ভবন থেকে নিচে পড়ে গেলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, খবর লেখা পর্যন্ত মৃত শ্রমিকের প্রকৃত পরিচয় জানা যায়নি। নির্মাণকাজে নিযুক্ত অন্যান্য শ্রমিকরা তাঁকে ‘টিটু দাদা’ নামে ডাকতেন বলে জানা গিয়েছে। তাঁর প্রকৃত নাম, বাড়ির ঠিকানা এবং অন্যান্য পরিচয় জানার চেষ্টা চলছে। দিনদুপুরে জনবহুল এলাকায় এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা জানতে এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।