আগরতলা, ২৪ আগস্ট: ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ই-রিকশা শ্রমিক সংঘ, ত্রিপুরা প্রদেশের তরফ থেকে শহরে মিছিল বের করা হয়েছে। এদিনের মিছিলটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ১১ দফা দাবি সম্বলিত ডেপুটেশন তুলে দেওয়া হয়েছে।
এদিনের কর্মসূচিতে সংগঠনের নেতা তথা বিএমএস-এর অসীম দত্ত অভিযোগ করেন, বিভিন্ন সময়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ই-রিকশা চালকদের আটক করে জরিমানা করা হচ্ছে। পাশাপাশি পঞ্চায়েত এলাকার ই-রিকশা শহর এলাকায় চলাচল করছে, এই অভিযোগেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলে দাবি করেন তিনি।
তাঁর আরও অভিযোগ, অযথা ই-রিকশা আটক করে চালকদের হয়রানি করা হচ্ছে। এই ধরনের হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবি জানান তিনি।
শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়কে সামনে রেখে মোট ১১ দফা দাবি জেলা শাসকের কাছে তুলে ধরা হয়েছে। এর মধ্যে অন্যতম হল, ই-রিকশাতগুলোকে সরকারি পারমিট দিতে হবে সহ একাধিক দাবি জানানো হয়েছে।























