বিশালগড়, ২৪ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ হওয়া আট বছরের শিশু আজমির ইসলামের মৃতদেহ দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশির পর উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নবীনগর মুক্তর হোসেন পাড়া (বাজারপাড়া) সংলগ্ন নদী থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন অগ্নিনির্বাপক দপ্তর ও এনডিআরএফের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বড় ভাইয়ের সঙ্গে নদীর ধারে খেলতে গিয়েছিল আজমির। খেলার সময় আচমকাই সে নদীর জলে তলিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা দ্রুত খবর দেন অগ্নিনির্বাপক দপ্তর ও এনডিআরএফকে।
খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। দীর্ঘ ঘণ্টা ধরে নদীতে তল্লাশি চালানো হলেও রবিবার শিশুটির সন্ধান মেলেনি। সোমবার ফের উদ্ধার অভিযান শুরু করা হয়। অবশেষে দুপুরে নদী থেকে আজমিরের মৃতদেহ উদ্ধার করা হয়।
এদিকে, উদ্ধারকাজে দেরি ও তৎপরতার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজে প্রত্যাশিত তৎপরতা দেখা যায়নি। এমনকি দমকল কর্মীদের বিরুদ্ধে মোবাইলে ভিডিও করার অভিযোগও উঠেছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি, ভবিষ্যতে এমন দুর্ঘটনায় দ্রুত ও কার্যকর উদ্ধার অভিযান নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



















