আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ সংলগ্ন ঐতিহ্যবাহী ব্যায়ামাগার। কিন্তু বছরের পর বছর সংস্কারের অভাবে বর্তমানে চরম বেহাল ও বিপজ্জনক অবস্থায় রয়েছে এই ব্যায়ামাগারটি।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই ব্যায়ামাগারের ছাদ চুইয়ে ভিতরে জল ঢুকে পড়ে। ইতিমধ্যেই উপরের সিলিংয়ের প্রায় অর্ধেক অংশ ধসে পড়েছে। জল ও অতিরিক্ত আর্দ্রতার কারণে নষ্ট হচ্ছে ব্যায়ামের মূল্যবান সরঞ্জামও। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যেই প্রতিদিন প্রশিক্ষণ নিতে বাধ্য হচ্ছেন এলাকার ক্রীড়াপ্রেমী তরুণ-তরুণীরা।
এই ব্যায়ামাগারের সঙ্গে জড়িয়ে রয়েছে মেলাঘরের ক্রীড়াক্ষেত্রের দীর্ঘ ঐতিহ্য। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বহু শিক্ষার্থী রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য অর্জন করেছেন। অথচ সেই ঐতিহ্যবাহী প্রশিক্ষণকেন্দ্রই বর্তমানে সংস্কারের অভাবে কার্যত ধ্বংসের মুখে। ব্যায়ামাগারের মেঝেতে বৃষ্টির জল জমে থাকায় সরঞ্জামে মরচে ধরে নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ।
স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীদের বক্তব্য, দ্রুত ব্যায়ামাগারটির পরিকাঠামো সংস্কার করা না হলে আগামী দিনে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নতুন ও আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহেরও দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের একটাই দাবি, মেলাঘরের এই ঐতিহ্যবাহী ব্যায়ামাগারকে দ্রুত সংস্কার করে আবারও ক্রীড়াবিদ তৈরির উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনুক প্রশাসন। এতে এলাকার তরুণ প্রতিভারা নতুন করে প্রশিক্ষণের সুযোগ পাবেন এবং মেলাঘর থেকে আরও বহু ক্রীড়াবিদ রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য অর্জন করতে পারবেন।
























