আগরতলা, ১৮ আগস্ট: আজ মা মনসা দেবীর পুজো উপলক্ষে উৎসবের আমেজে মেতে উঠেছে আগরতলা। শহরের দুর্গাবাড়ি সহ বিভিন্ন বাড়িঘর ও মণ্ডপে মহাধুমধামে চলছে দেবীর আরাধনা। সকাল থেকেই ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দুর্গাবাড়িতে এবছরও ঐতিহ্য মেনে পালিত হচ্ছে মা মনসা দেবীর পুজো। পুজো পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিকেলে অনুষ্ঠিত হবে দেবীর বিশেষ আরতি। আগামীকাল দশমী পুজো সকালে অনুষ্ঠিত হবে। এরপর ঘট বিকেলে রাজবাড়িতে গমন করবেন।
দুর্গাবাড়ির এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ঐতিহ্য ও রাজপরিবারের ইতিহাস। মন্দিরের পুরোহিত জানান, রাজবাড়ি থেকে এই পুজো প্রায় ৫০০ বছর ধরে চলে আসছে। এটি মূলত রাজপরিবারের পুজো হিসেবে পরিচিত। সংক্রান্তির দিনে মা মনসা অষ্টমা দেবীর বিশেষ আরাধনা করার প্রথাও দীর্ঘদিন ধরে চলে আসছে।
পুজো উপলক্ষে ভক্তরা দেবীর কাছে পরিবারের সকলের মঙ্গল, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করছেন। পাশাপাশি ভারতবর্ষের শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করে দেবীর কাছে প্রার্থনা জানাচ্ছেন ভক্তরা।



















