আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করল পুলিশ। ঘটনা সোনামুড়ার।
জানা গেছে, সোনামুড়ায় নিয়মিত ভেহিকেল চেকিং চলাকালীন একটি মোটরসাইকেল আটক করে পুলিশ। বাইকটি চালাচ্ছিল এক নাবালক ছেলে। পরে জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা যায়, বাবার কাছ থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে বাজার করার উদ্দেশ্যে সোনামুড়ায় এসেছিল সে।
ঘটনার পর মোটরসাইকেলের মালিক তথা নাবালকের বাবাকে ডেকে পাঠানো হয়। নাবালককে মোটরসাইকেল চালানোর জন্য চাবি দেওয়া এবং তাকে বাইক চালাতে উৎসাহিত করার অভিযোগে মোটর ভেহিকেলস আইনের সংশ্লিষ্ট ধারায় সমস্ত আইনি প্রক্রিয়া মেনে তাঁর কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, নাবালক ছেলেটিকে আটক করার পর পুলিশ তাকে সতর্ক করে দেয়।
পাশাপাশি অভিভাবকদের উদ্দেশ্যে পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনও নাবালককে মোটরসাইকেল বা অন্য কোনও যানবাহন চালানোর অনুমতি দেওয়া যাবে না। সরকারি বিধি লঙ্ঘন করে নাবালককে গাড়ি চালাতে দিলে সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, নাবালকদের যানবাহন চালানো বন্ধ করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের ভেহিকেল চেকিং ও অভিযান আরও জোরদার করা হবে।



















