আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস ব্লক সভাপতি সঞ্জীব দে-র বাড়িতে রাতে নেশার আসর বসানো এবং তাঁর ভাই সুজিত দে-র বিরুদ্ধে ঠিকাদারসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নিয়মিত তোলা আদায়ের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় এমন কার্যকলাপ চলে আসছে। এর জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি তাঁদের। বিষয়টি নিয়ে এর আগে জিবি ফাঁড়ির পুলিশকে জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসীরা।
অবশেষে মঙ্গলবার একাধিক অভিযোগ নিয়ে এলাকাবাসীরা এনসিসি থানায় যান। সেখানে থানার ওসির সঙ্গে দেখা করে লিখিত ডেপুটেশন প্রদান করেন তাঁরা। অভিযোগগুলির দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
























