আগরতলা, ১১ এপ্রিল: গভীর রাতে বড়সড় সাফল্য পেল এনসিবি ও মধুপুর থানার পুলিশ। কমলাসাগরের দক্ষিণ মধুপুরের ধনছড়ী এলাকায় এক রাষ্ট্রবাদী নেতার বাড়িতে অভিযান চালিয়ে নগদ প্রায় ৩৩ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা সহ ৫১ কেজি ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকার বাসিন্দা চিন্তাহরণ নমঃ-র বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে এনসিবি-র সঙ্গে মধুপুর থানার পুলিশও উপস্থিত ছিল। দীর্ঘ তল্লাশির পর বাড়ি থেকে বিপুল নগদ অর্থ ও নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার হয়।
ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চিন্তাহরণ নমঃ এবং তার পুত্রবধূ সুমিত্রা দেবনাথকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁদের মধুপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে এনসিবি-র কর্মকর্তারা। উদ্ধার হওয়া অর্থ ও মাদকের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।



















