নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার দুঃখপ্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, তাঁর বক্তব্য “ইচ্ছাকৃতভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে” এবং কারও অনুভূতিতে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না।
এক্স -এ খাড়গে লেখেন, “কেরালায় আমার সাম্প্রতিক ভাষণের কিছু মন্তব্য ইচ্ছাকৃতভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। তবুও আমি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। গুজরাটের মানুষের প্রতি আমার সর্বদা গভীর শ্রদ্ধা রয়েছে এবং থাকবে।”
উল্লেখ্য, ৬ এপ্রিল কেরালার ইদুক্কিতে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে খাড়গে বলেন, কেরালার মানুষ “শিক্ষিত ও বুদ্ধিমান” এবং তাঁদের বিভ্রান্ত করা যায় না, “গুজরাট বা অন্য জায়গার অশিক্ষিত মানুষের মতো নয়।” এই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত।
এই মন্তব্যের তীব্র নিন্দা জানায় ভারতীয় জনতা পার্টি এবং গুজরাটের শাসক মহল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমে এক সভায় বলেন, গুজরাটকে ‘অশিক্ষিত’ বলা কংগ্রেসের মানসিকতার পরিচয়, যার জবাব মানুষ দেবে।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই মন্তব্যকে “অত্যন্ত আপত্তিকর ও দুর্ভাগ্যজনক” বলে আখ্যা দেন। তিনি বলেন, “এতে গুজরাটের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং এটি মহাত্মা গান্ধী ও সর্দার বল্লভভাই প্যাটেল-এর প্রতি অপমান।”
তিনি আরও দাবি করেন, “কংগ্রেসের গুজরাট-বিরোধী মানসিকতা নতুন নয়, বহুদিনের।”
রাজ্যের উপমুখ্যমন্ত্রী হর্ষ সঙ্ঘভি-ও খাড়গের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি বলেন, এই মন্তব্য ৬.৫ কোটি গুজরাটবাসীর আত্মসম্মানে আঘাত করেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে, বিশেষত আসন্ন নির্বাচনের প্রাক্কালে।



















