নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ এপ্রিল: মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে দলীয় সমর্থকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তেলিয়ামুড়া মহকুমার মেরেং বাজার সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এডিসি নির্বাচন উপলক্ষে তেলিয়ামুড়ার দুষ্কি বাজারে আয়োজিত এক জনসভায় যোগ দিতে কল্যাণপুরের আরএস পাড়া ও আশপাশ এলাকার সমর্থকেরা গাড়িতে করে যাচ্ছিলেন। সেই সময় কল্যাণপুর থানার অন্তর্গত মেরেং বাজার এলাকায় দুষ্কৃতীদের একটি দল পথরোধ করে হামলা চালায় বলে অভিযোগ।
অভিযোগ, দুষ্কৃতীরা গাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায় এবং একটি বিস্ফোরক নিক্ষেপেরও চেষ্টা করে। তবে সেটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। হামলায় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং একাধিক ব্যক্তি আহত হন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
অন্যদিকে, হামলার জন্য এক রাজনৈতিক দলের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যদিও এ বিষয়ে এখনও অন্য পক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।



















