নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ এপ্রিল :
৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর উদ্যোগে এক শক্তিশালী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো ধর্মনগরের দীনানাথ বিদ্যামন্দির মাঠে। দুর্নীতি, স্বজনপোষণ ও ধ্বংসের রাজনীতি-র বিরুদ্ধে সোচ্চার হয়ে নাগরিক নিরাপত্তা ও জীবন-জীবিকার প্রশ্নে সংগ্রাম জোরদার করার ডাক দেওয়া হয় এই সভা থেকে।
বিকেল তিনটায় শুরু হওয়া জনসভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক জীতেন চৌধুরী, প্রার্থী অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিতসহ একাধিক শীর্ষ নেতা ও কর্মী-সমর্থকরা। সভায় পুরনো ও অভিজ্ঞ দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
সভায় বক্তারা রাজ্যের বিজেপি সরকারের গত আট বছরের কাজকর্ম নিয়ে তীব্র সমালোচনা করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে সরকার। বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা।
একই সঙ্গে, আসন্ন উপনির্বাচনে সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্তকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয় সভা মঞ্চ থেকে। নেতারা দাবি করেন, মানুষের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।



















