গুয়াহাটি, ৩১ মার্চ (আইএএনএস): আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ বড় প্রতিশ্রুতি ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাধিক উন্নয়নমূলক ও কল্যাণমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
তিনি জানান, উন্নয়ন, জনকল্যাণ এবং শক্তিশালী প্রশাসনের ওপর ভিত্তি করে একটি বিস্তৃত রূপরেখা তৈরি করেছে বিজেপি। রাজ্যের মানুষের স্বার্থ রক্ষা করার পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, অবৈধভাবে দখল হওয়া জমি আইনের মাধ্যমে পুনরুদ্ধারের কথাও জানান তিনি।
এছাড়া তথাকথিত “লাভ জিহাদ” রুখতে কঠোর আইন আনার কথাও বলেন তিনি, যা সামাজিক সম্প্রীতি রক্ষার জন্য প্রয়োজনীয় বলে দাবি করেন।
পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বন্যা নিয়ন্ত্রণে ১৮,০০০ কোটি টাকা খরচ করে আগামী দিনে অসমকে বন্যামুক্ত করার লক্ষ্য স্থির করা হয়েছে।
চাকরির ক্ষেত্রেও বড় ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, দুই লক্ষ যুবক-যুবতীকে সরকারি চাকরি দেওয়া হবে এবং ১০ লক্ষ মানুষকে আর্থিক সহায়তা দিয়ে স্বনিযুক্তির সুযোগ বাড়ানো হবে।
সামাজিক কল্যাণমূলক প্রকল্পের আওতায় গরিব পরিবারগুলিকে বিনামূল্যে চাল, ডাল ও চিনি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।
উচ্চশিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা উন্নত করতে প্রতিটি জেলায় একটি করে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
মহিলাদের জন্য বিশেষ সুবিধা হিসেবে ৪০ লক্ষ মহিলাকে ২৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং ‘অরুণোদয়’ প্রকল্পে মাসিক ভাতা বাড়িয়ে ৩,০০০ টাকা করা হবে বলে জানান তিনি।
এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘সংকল্প পত্র’ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালসহ বিজেপির একাধিক শীর্ষ নেতা।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, এই প্রতিশ্রুতিগুলি আসন্ন নির্বাচনে বিজেপির জন্য নিরঙ্কুশ জনসমর্থন নিশ্চিত করবে।

