প্রার্থী নিয়ে তিপরা মথার অন্দরে দ্বন্দ্ব, দল ত্যাগ করার হুঁশিয়ারি

আগরতলা, ২৪ মার্চ: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে তিপরা মথা শিবিরে প্রার্থী নির্বাচন ঘিরে অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইঙ্গিত মিলছে। দলের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) রাজেশ ত্রিপুরা ২৪ রাইমাভ্যালি কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী না করা হলে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মী সর্মথকরা।

তারা প্রদ্যোত কিশোর দেববর্মণের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভকারীরা দাবি করেন, রাজেশ ত্রিপুরাকে প্রার্থী না করলে বড় ধরনের রাজনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে দল। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ২২ হাজার ভোটার দল থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বা ভোটদান প্রক্রিয়ায় অংশ নাও নিতে পারেন।

উল্লেখ্য, ধনঞ্জয় ত্রিপুরা ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাইমা ভ্যালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং সে সময় তিনি আইপিএফটি-র সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি তিপরা মথায় যোগ দেন, তবে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে দলের টিকিট পাননি। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের রাজনৈতিক অবদানের কথা তুলে ধরেন তিনি, যার পরেই তাকে এডিসি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
বিক্ষোভরত নেতাদের অভিযোগ, বারবার চেষ্টা করেও তারা প্রদ্যোৎ কিশোর দেববর্মণের সঙ্গে দেখা করতে পারেননি বা নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাননি। এতে ক্ষোভ আরও বেড়েছে বলে জানান তারা।

ওয়াইটিএফ ব্লক সেক্রেটারি নবীন কুমার ত্রিপুরা বলেন, ব্যক্তিগতভাবে আমি মহারাজার সঙ্গে আছি, কিন্তু আমাদের এলাকার সাধারণ মানুষ বর্তমান এমডিসি রাজেশ ত্রিপুরাকেই আবার দেখতে চান। যদি তাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে প্রায় ২২ হাজার ভোট আমাদের বিপক্ষে যেতে পারে। তারা অন্য দলে ভোট দেবে কিনা বা ভোট দেবে না, সেটা নিশ্চিত নয়, তবে এতে দলের নির্বাচনী সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

Leave a Reply