ধর্মনগর উপনির্বাচন: বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর মনোনয়ন দাখিল, শক্তি প্রদর্শনে বিশাল মিছিল

ধর্মনগর, ২৩ মার্চ : ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষিতে সোমবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহর চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

এদিন পদ্মপুরস্থিত বিজেপি কার্যালয় থেকে এক সুবিশাল ও সুসজ্জিত মিছিলের মাধ্যমে সমর্থকদের নিয়ে তিনি ধর্মনগরের রিটার্নিং অফিসারের দপ্তরে পৌঁছে মনোনয়ন জমা দেন। মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যসহ অন্যান্য দলীয় নেতৃত্ব।

দলীয় সূত্রে দাবি, সিপিআই(এম) ও কংগ্রেসের পূর্ববর্তী মিছিলের তুলনায় বিজেপির এই মিছিল আকারে অনেক বড় ছিল, যা উপনির্বাচনের আগে শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, জহর চক্রবর্তী ২০১৩ সালেও এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও সে সময় তিনি পরাজিত হন। তবে এবার দল পুনরায় তাঁর উপরই আস্থা রেখেছে। অন্যদিকে, সিপিআই(এম) ও কংগ্রেস প্রার্থীরাও নির্বাচনে কড়া প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলেই রাজনৈতিক মহলের ধারণা।

Leave a Reply