আগরতলা, ১৯ মার্চ: ধর্মনগর উপনির্বাচনে লড়াই হবে একতরফা। আজ বিজেপি প্রার্থী হিসেবে জহর চক্রবর্তীর নাম ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, জহর চক্রবর্তী দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত একজন অভিজ্ঞ ও একনিষ্ঠ কর্মী। শুধু তিনি নন, তাঁর পরিবারের সদস্যরাও বহু বছর ধরে দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। ফলে সংগঠনের ভিতরে তাঁর গ্রহণযোগ্যতা এবং অভিজ্ঞতা যথেষ্ট বলেই মত প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, ধর্মনগরের সাধারণ মানুষ জহর চক্রবর্তীকে খুব ভালোভাবে চেনেন এবং তাঁর প্রতি আস্থা রাখেন। এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ ও কাজের অভিজ্ঞতা এই নির্বাচনে বড় ভূমিকা নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
এই প্রেক্ষিতে ডা. সাহা দাবি করেন, আসন্ন উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত এবং লড়াই কার্যত একতরফাই হবে।

