আগরতলা, ১৮ মার্চ: টিটিএএডিসি নির্বাচনের ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ হয়েছে ১২ এপ্রিল, ২০২৬। রাজ্য নির্বাচন কমিশনার গত ১৭ মার্চ, ২০২৬ তারিখে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে টিটিএএডিসি’র ভোট গ্রহণের তারিখ ১৩ এপ্রিল, ২০২৬ বলে ঘোষণা করেছিলেন। কিন্তু ১৩ এপ্রিল, ২০২৬ তারিখে রাজ্যের জনজাতি সম্প্রদায়ের গরিয়া পূজা, বিজু, বুইসু উৎসব থাকায় মন্ত্রী, বিধায়কগণ, রাজনৈতিক দলসমূহ সহ বিভিন্ন এনজিও কমিশনকে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে। টিটিএএডিসি-র অনেক এলাকাতেই এই উৎসবগুলি জনপ্রিয়ভাবে পালিত হয়। যেহেতু কমিশন নির্বাচনে সকল সম্প্রদায়ের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করতে চায়, তাই বিভিন্ন সম্প্রদায়ের স্থানীয় প্রথাগত উৎসব পালিত হয় এমন তারিখ এড়িয়ে চলাকেই সঠিক বলে মনে করছে কমিশন।
এছাড়াও, ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং অবশেষে একটি প্রস্তাবের মাধ্যমে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ১৩ এপ্রিল, ২০২৬-এর পরিবর্তে ১২ এপ্রিল, ২০২৬ তারিখে ভোটগ্রহণের তারিখ পুনর্বিবেচনা করার জন্য প্রস্তাব করা হয়। সকল দিক বিবেচনা করে, আসন্ন টিটিএএডিসি নির্বাচনের নতুন ভোটগ্রহণের তারিখ এখন ১২ এপ্রিল, ২০২৬ নির্ধারণ করা হয়েছে। ১৭ মার্চ, ২০২৬ তারিখের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লিখিত বাকি সময়সূচি অপরিবর্তিত থাকবে। রাজ্য নির্বাচন কমিশন থেকে এক প্রেস নোটে এই সংবাদ জানানো হয়েছে।
।।।।।।

