লাউগাংয়ে ঐতিহ্যবাহী বারুণী মেলা, হাজারো মানুষের ঢল

শান্তিরবাজার, ১৭ মার্চ: প্রতি বছরের মতো এবারও শান্তিরবাজার মহকুমার লাউগাং এলাকায় লাউগাং ও মুহুরী নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বারুণী মেলা। মেলাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং হাজারো মানুষের সমাগম লক্ষ্য করা যায়।

মেলা উপলক্ষে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে দোকানদাররা নিজেদের পসরা নিয়ে হাজির হন। মেলায় নানা ধরনের দোকান, খাদ্য সামগ্রী এবং গ্রামীণ পণ্যের সম্ভার দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

ধর্মীয় রীতিনীতি মেনে ভোর থেকেই ভক্তরা নদীর সঙ্গমস্থলে পুণ্যস্নান করতে ভিড় জমান। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় নদীতে স্নান করে জল অর্পণ করতে দেখা যায় বহু মানুষকে। এই পুণ্যতিথিতে অংশ নিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মেলায় উপস্থিত হন।

মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা এবং অন্যান্য ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মেলা কমিটির উদ্যোগতারা। তারা জানান, শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং দর্শনার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

এই ঐতিহ্যবাহী বারুণী মেলাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply