আগরতলা, ১৬ মার্চ: ত্রিপুরা সরকারের বন, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা তিন দিনের জন্য বিধানসভার অধিবেশনে অনুপস্থিত থাকবেন। সোমবার থেকে শুরু করে ১৮ মার্চ পর্যন্ত তিনি বিধানসভায় উপস্থিত থাকতে পারবেন না বলে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।
বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাম প্রসাদ পালের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান, সরকারি কাজে ব্যস্ত থাকার কারণে তিনি ১৬ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলমান ত্রিপুরা বিধানসভার অধিবেশনে অংশ নিতে পারবেন না।
এ প্রসঙ্গে বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাম প্রসাদ পাল অধিবেশনে জানান, অনিমেষ দেববর্মার অধীনস্থ দপ্তরগুলির দায়িত্ব এই সময়ের জন্য অস্থায়ীভাবে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের উপর ন্যস্ত করা হয়েছে। ফলে অনিমেষ দেববর্মা দায়িত্বে ফিরে না আসা পর্যন্ত বন, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের দায়িত্ব পালন করবেন রতন লাল নাথ।
এদিকে জানা গেছে, ১৫ মার্চ মন্ত্রী অনিমেষ দেববর্মা নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে, এই সফরে তিনি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন।
রাজনৈতিক মহলের একটি সূত্রের দাবি, আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের আগে সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এমনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, কাউন্সিল নির্বাচনের আগে অনিমেষ দেববর্মা গেরুয়া শিবিরে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।P

