২০২৬-২৭ অর্থ বছরে ৩৪২১২.৩১ কোটি টাকার বাজেট পেশ, ঘাটতি ২৪০.৭২ কোটি টাকা

আগরতলা, ১৬ মার্চ: ২০২৬–২৭ অর্থবর্ষের জন্য ৩৪২১২.৩১ কোটি টাকার বাজেট রাজ্য বিধানসভায় পেশ করল ত্রিপুরা সরকার। ওই বাজেটে আর্থিক ঘাটতি ধরা হয়েছে ২৪০.৭২ কোটি টাকা।

রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধানসভার চলতি অধিবেশনে এই বাজেট পেশ করেন। তিনি জানান, বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে আর্থিক ঘাটতি ধরা হয়েছে ২৪০.৭২ কোটি টাকা।

এছাড়া বাজেটে মূলধনী ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৪৫.৯২ কোটি টাকা, যা ২০২৫–২৬ অর্থবর্ষের বাজেট অনুমানের তুলনায় ১৩.১৯ শতাংশ বেশি। অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জোরদার করতেই এই বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

বাজেটে জনজাতি সম্প্রদায়ের উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিল্পোন্নয়ন এবং কৃষকদের সহায়তায় একাধিক নতুন কর্মসূচির কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পর্যটন খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও নানা উদ্যোগ গ্রহণের প্রস্তাব রাখা হয়েছে।

চলতি বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এই বাজেট পেশ করা হয়। অধিবেশনটি উপাধ্যক্ষ রামপ্রসাদ-এর সভাপতিত্বে পরিচালিত হচ্ছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং জনজাতি ও সংখ্যালঘু সহ সমাজের সব স্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

Leave a Reply