সাব্রুম, ১৩ মার্চ : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার রানীরবাজার এলাকার ইকো পার্কের সামনে ট্রান্সফরমারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলেন এক লাইনম্যান। আহত ব্যক্তির নাম দিবেন্দু পালিত (৪৫)। তিনি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল)-এর কর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রান্সফরমারের লাইনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন দিবেন্দু পালিত। ফলে তিনি গুরুতরভাবে আহত হন। ঘটনাটি ঘটতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় মানুষ দ্রুত তাকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।
এদিকে, ট্রান্সফরমারের লাইনে কাজ করার সময় সাধারণত দুইজন লাইনম্যান থাকা বাধ্যতামূলক। কিন্তু ওই সময় তিনি কেন একাই কাজ করছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার খবর পেয়ে টিএসইসিএলের সাব্রুম সাব-ডিভিশনের সিনিয়র ম্যানেজার দিলীপ দাস হাসপাতালে পৌঁছান। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই তিনি হাসপাতালে এসে আহত কর্মীর খোঁজখবর নিয়েছেন। ঘটনাটি নিয়ে বিভাগীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।

