পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, দা-এর কোপে গুরুতর আহত দুই

চুরাইবাড়ি, ১৪ মার্চ : পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দা দিয়ে হামলার ঘটনায় গুরুতর আহত হলেন দুইজন। শুক্রবার সকাল প্রায় সাড়ে নয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগে জানা গেছে, চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী হরেন্দ্র মালাকার (৫২) ধারালো দা দিয়ে হামলা চালান। এতে গুরুতরভাবে আহত হন তার ছোট ভাই হেমেন্দ্র মালাকারের স্ত্রী সবিতা মালাকার এবং ভাতিজা সানি মালাকার (১৭)।

আহত সবিতা মালাকারের স্বামী জানান, গত বৃহস্পতিবার দুই ভাইয়ের সন্তানদের মধ্যে সামান্য বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জেরেই শুক্রবার সকালে উত্তেজনা চরমে পৌঁছে যায়। অভিযোগ, এদিন সকালে বাড়ির সামনে হাতে ধারালো দা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন হরেন্দ্র মালাকার। পরিস্থিতি আশঙ্কাজনক মনে হওয়ায় সবিতা মালাকার থানায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে তার উপর হামলা চালানো হয়।

এসময় কাকিমাকে বাঁচাতে এগিয়ে আসে পরিবারের আরেক সদস্য, হরেন্দ্র মালাকারের ভাতিজা সানি মালাকার। অভিযোগ, তাকেও এলোপাতাড়ি দা দিয়ে কোপানো হয়।

পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় প্রেমতলা দমকল বাহিনী ও চুরাইবাড়ি থানায়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনায় একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। আক্রান্তদের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply