নয়াদিল্লি/বাগদাদ, ১২ মার্চ : ইরানের হামলায় মার্কিন মালিকানাধীন একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে কর্মরত এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বাকি ১৫ জন ভারতীয় নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে বাগদাদে ভারতীয় দূতাবাস জানিয়েছে।
জানা গিয়েছে, বুধবার ইরাকের বাসরার কাছে পারস্য উপসাগরে চলাচলকারী ‘সেফসি বিষ্ণু’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা চালায় ইরান। এই জাহাজটি মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী এবং মার্কিন সংস্থা সেফসি ট্রান্সপোর্ট ইনকর্পোরেটেড-এর মালিকানাধীন।
হামলার ঘটনায় জাহাজে থাকা এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। তবে বাকি ১৫ জন ভারতীয় ক্রু সদস্যকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে ভারতীয় দূতাবাস এক্স-এ পোস্ট করে জানিয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, “১১ মার্চ ২০২৬ তারিখে বাসরার কাছে মার্কিন মালিকানাধীন ‘সেফসি বিষ্ণু’ ট্যাঙ্কারের উপর হামলা হয়। এই ঘটনায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। বাকি ১৫ জন ভারতীয় ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।”
দূতাবাস আরও জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ইরাকি প্রশাসনের সঙ্গেও সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দাবি করেছে, পারস্য উপসাগরে দুটি তেলবাহী ট্যাঙ্কারের উপর পানির নিচে চালিত ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
হামলার শিকার হওয়া জাহাজগুলির একটি হল মাল্টার পতাকাবাহী ‘জেফাইরোস’ এবং অন্যটি মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘সেফসি বিষ্ণু’।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ায় উত্তেজনা তীব্র আকার নিয়েছে। এর আগেই ইরান হুঁশিয়ারি দিয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত প্রায় ২০ শতাংশ তেল সাধারণত এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়েই যায়।
এই পরিস্থিতিতে নিরাপত্তা উদ্বেগের কারণে ওই অঞ্চলে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও দ্রুত বাড়ছে।

