দুই সন্তানের সামনে স্ত্রীকে পিটিয়ে খুন, গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ৬ মার্চ: রাতভর স্ত্রীকে বেধড়কভাবে পিটিয়ে খুন করলো স্বামী।কমলাসাগর এলাকার হরিশনগর মুন্ডা পাড়ায় এই চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। দুই সন্তানের সামনে স্ত্রীকে বেধড়ক মারধর করে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীর নাম লক্ষ্মীনধর মুন্ডা। নিহত গৃহবধূর নাম মনি মুন্ডা(রটে)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল থেকেই স্বামী লক্ষ্মীনধর মুন্ডা তার স্ত্রী মনি মুন্ডাকে মারধর করতে শুরু করেন। প্রতিবেশীরা একাধিকবার তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। অভিযোগ, রাত গভীর হওয়ার পরও তিনি স্ত্রীর উপর নির্যাতন চালিয়ে যান।

প্রতিবেশী ও পরিবারের সদস্যদের দাবি, গভীর রাতে কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারধর করা হয় মনি মুন্ডাকে। এই নির্মম ঘটনা ঘটে তাদের দুই সন্তানের সামনেই। রাতভর মারধরের জেরে গুরুতর জখম হন গৃহবধূ।

শুক্রবার সকালে প্রতিবেশীরা লক্ষ্মীনধর মুন্ডাকে স্ত্রীর নিথর দেহের পাশে বসে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত স্বামী লক্ষ্মীনধর মুন্ডাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত লক্ষ্মীনধর মুন্ডা প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। পারিবারিক অশান্তির জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ।

Leave a Reply