কল্যাণপুর, ৬ মার্চঃ এডিসি নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে কল্যাণপুর এলাকায়। এখন পর্যন্ত অন্য কোনও রাজনৈতিক দলের উল্লেখযোগ্য প্রচারের খবর না মিললেও শাসক দল বিজেপি ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। কল্যাণপুরের অন্তর্গত দুইটি এডিসি আসনের প্রতিটি বুথেই জয়ের লক্ষ্যে কাজ শুরু করেছে দলটি।
জানা গেছে, মান্দাই–পুলিনপুর আসনের পাঁচটি বুথ পড়েছে কল্যাণপুর এলাকায়। অন্যদিকে তেলিয়ামুড়া–মহারানী কেন্দ্রের দশটি বুথও রয়েছে এই এলাকায়। জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে বিজেপিই কার্যকর ভূমিকা পালন করছে—এই বার্তাই সাধারণ ভোটারদের কাছে তুলে ধরতে উদ্যোগী হয়েছে দলীয় নেতাকর্মীরা।
সম্প্রতি দুই দিনের ব্যবধানে দুটি নির্বাচনী সভা আয়োজন করে বিজেপি। মান্দাই–পুলিনপুর কেন্দ্রের সভা অনুষ্ঠিত হয় রজনী সর্দারপাড়া এডিসি ভিলেজে বিজেপি কর্মী বিভীষণ দেববর্মার বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন বিস্তারক ও রাজ্য জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক। এছাড়াও বক্তব্য রাখেন নিতাই বল এবং অসীম দেবরায়।
অন্যদিকে তেলিয়ামুড়া–মহারানী কেন্দ্রের সভা অনুষ্ঠিত হয় উত্তর মহারানী ভিলেজে শীতেশ দেববর্মার বাড়িতে। ওই সভায় উপস্থিত ছিলেন জনজাতি নেতা গোপাল দেববর্মা, শক্তি কেন্দ্রের প্রমুখ রতন দেববর্মা, শীতেশ দেববর্মা, মণ্ডল সভাপতি নিতাই বল এবং সাধারণ সম্পাদক অসীম দেবরায়।
সভাগুলিতে বিজেপি নেতারা দাবি করেন, বিজেপি ছাড়া রাজ্যে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। জাতি ও জনজাতি সকলকে সঙ্গে নিয়ে রাজ্যের সার্বিক উন্নয়ন সাধন করাই দলের লক্ষ্য। পাহাড় ও সমতলে সমানভাবে উন্নয়নমূলক প্রকল্প পৌঁছে দেওয়াই বিজেপির স্বপ্ন বলেও তারা জানান।
এদিকে শুক্রবার মান্দাই–পুলিনপুর কেন্দ্রের অন্তর্গত চম্পকনগর কমিউনিটি হলে বিজেপির উদ্যোগে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পাঁচটি মণ্ডল কমিটির মণ্ডল সভাপতিরা। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। সভায় বক্তব্য রাখেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।
আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দলীয় বিভিন্ন রণকৌশল নিয়ে আলোচনা করা হয় সভায়। পাশাপাশি মান্দাই–পুলিনপুর কেন্দ্রের বিভিন্ন বুথ থেকে বুথ সভাপতিরাও উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

