আগরতলা, ৫ মার্চ: খোয়াই জেলার বাইজালবাড়ি এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি বাইজালবাড়ি থানার অন্তর্গত মারেহাদুক এলাকার লাবণ্য চৌধুরী বিদ্যালয়ে ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত প্রায় ৮টা থেকে ১০টার মধ্যে ১৬ বছর বয়সী এক নাবালিকাকে পাঁচজন যুবক মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বাইজালবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়।
বাইজালবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা জানান, অভিযোগ পাওয়ার পরই তার নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযানে নামে এবং অভিযুক্ত পাঁচজনকে আটক করে। আটক অভিযুক্তরা হল—বিশাল দেববর্মা, এলেন দেববর্মা, বাপি দেববর্মা, তুষার দেববর্মা এবং কাচাং দেববর্মা।
পুলিশ তাদের বিরুদ্ধে প্রযোজ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে জানান ওসি যুগল ত্রিপুরা। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

