নয়াদিল্লি, ৪ মার্চ (আইএএনএস): হোলি উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কামনা করেছেন, রঙের এই উৎসব সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও সাফল্যের বার্তা বয়ে আনুক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “সমস্ত দেশবাসীকে হোলির আন্তরিক শুভেচ্ছা। রঙ ও আনন্দের এই উৎসব সবার জীবনে খুশি বয়ে আনুক। প্রত্যেকের জীবন সুখ, সমৃদ্ধি ও সাফল্যের রঙে রঙিন হোক।”
এর আগে উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণণ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান।
উপরাষ্ট্রপতি এক্স-এ লেখেন, “শুভ হোলি! এই সুন্দর উৎসব অসুরের ওপর সুরের জয়ের প্রতীক এবং বসন্ত আগমনের বার্তা বহন করে, যা পুনর্জাগরণ, আশা ও আমাদের সভ্যতার প্রাণবন্ত চেতনাকে উদ্যাপন করে। আমাদের সমৃদ্ধ ঐতিহ্যে গভীরভাবে প্রোথিত হোলি ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্মান ও মিলিত আনন্দের প্রতিফলন ঘটায়, যা সমাজের বন্ধনকে আরও দৃঢ় করে।”
তিনি আরও বলেন, “হোলির রঙ প্রত্যেকের হৃদয় ভরিয়ে তুলুক আনন্দ ও নতুন উদ্দীপনায়। এই উৎসব আমাদের অনুপ্রাণিত করুক সৌহার্দ্য ছড়িয়ে দিতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও উন্নত ভারতের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বার্তায় বলেন, “আনন্দ, উৎসাহ ও নতুন শক্তিতে ভরা হোলি উৎসবের আন্তরিক শুভেচ্ছা। রঙের এই উৎসব সবার জীবনে অগ্রগতি, সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আনুক।”
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি-ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “ভালোবাসা, সম্প্রীতি ও রঙে ভরা পবিত্র হোলি উৎসব নেতিবাচকতা ও বিদ্বেষ দূর করে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক—এই আমার আন্তরিক প্রার্থনা।”
এছাড়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “রঙ, উদ্দীপনা ও সামাজিক সম্প্রীতির পবিত্র উৎসব হোলি উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা। ভগবান শ্রী রামের কাছে প্রার্থনা করি, এই উৎসব সবার জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি ও নতুন শক্তির সঞ্চার করুক।”
উল্লেখ্য, হোলি হিন্দুদের অন্যতম প্রধান ও প্রতীক্ষিত উৎসব। ‘রংওয়ালি হোলি’, ‘বড়ি হোলি’ ও ‘ধুলান্ডি’ নামেও পরিচিত এই উৎসব বসন্তের আগমন ও শীতের অবসানকে চিহ্নিত করে। রঙের আবিরে মেতে উঠে দেশজুড়ে উদ্যাপিত হয় এই আনন্দের উৎসব।

