আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, পাকিস্তানের ভারী ক্ষতির দাবি

কাবুল, ২৭ ফেব্রুয়ারি (আইএএনএস) : সীমান্ত উত্তেজনার মধ্যেই পাকিস্তানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা বিমান হামলার দাবি করল আফগানিস্তান। শুক্রবার তালিবান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, আফগান বিমান বাহিনী ইসলামাবাদ, নওশেরা, জামরুদ ও অ্যাবোটাবাদে পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

ফিতরাত বলেন, বৃহস্পতিবার রাতে কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলার জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বরাবর পাল্টা অভিযানে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাশাপাশি দুটি সামরিক ঘাঁটি এবং ১৯টি চৌকি দখলের দাবি করা হয়েছে। চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে বহু হালকা ও ভারী অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম উদ্ধার হয়েছে বলেও দাবি করা হয়। একটি ট্যাঙ্ক ধ্বংস এবং একটি বড় সামরিক পরিবহণ যান দখলের কথাও জানানো হয়েছে।

মন্ত্রকের দাবি, ডুরান্ড লাইনের ওপারে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকের একাধিক পাকিস্তানি সামরিক পোস্ট লক্ষ্য করে হামলা চালানো হয়। এই সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, আফগানিস্তানের নানগরহার প্রদেশে একটি শরণার্থী শিবিরে পাকিস্তানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ ১৩ জন আফগান নাগরিক আহত হয়েছেন বলে কাবুলের দাবি।

এদিকে, পাকিস্তানের শীর্ষ দৈনিক ডন জানিয়েছে, আফগান বাহিনীর “উসকানিমূলক গুলিবর্ষণ”-এর জবাবে বৃহস্পতিবার পাকিস্তান ‘অপারেশন গজব লিল-হক’ শুরু করে। সেই অভিযানে পাকিস্তান বিমান বাহিনী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।

উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবি-দাওয়ার ফলে সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তবে পাকিস্তানের তরফে আফগানিস্তানের সাম্প্রতিক ক্ষয়ক্ষতির দাবির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Leave a Reply