বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ছয়টি দোকান, চাঞ্চল্য

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ছয়টি দোকান। গতকাল রাতে সোনামুড়ার বাণিজ্যিক প্রাণকেন্দ্র রবীন্দ্র চৌমুহনী এলাকায় ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এক দমকলকর্মী জানিয়েছেন, গতকাল রাতে রবীন্দ্র চৌমুহনী এলাকায় একটি দোকানে ধোঁয়া দেখতে পেয়েছেন এলাকাবাসী। সাথে সাথে দোকানের মালিকদের খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে ছুটে গিয়েছিল পুলিশ এবং দমকলবাহিনীকে। দমকলের ইঞ্জিন সহ উপস্থিত জনতার সহায়তায় দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকানে। দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। ওই অগ্নিকান্ডে দুটি সেলুন দোকান, একটি লন্ড্রি, এবং একটি টেইলার দোকান এবং সোনামুড়া প্রসিদ্ধ একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানে থাকা বিপুল পরিমাণ মালপত্র পুড়ে যাওয়ায় তাঁদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এদিকে, শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এমন অগ্নিকাণ্ডে ব্যবসায়ী মহলে উদ্বেগ ছড়িয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি উঠেছে।

Leave a Reply