জেএনইউ-তে ছাত্র সংঘর্ষের ঘটনায় নিন্দা, বিশ্ববিদ্যালয় বিধি ও বিএনএস অনুযায়ী কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (আইএএনএস): জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষের ঘটনায় কড়া নিন্দা জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে প্রশাসন জানায়, বারবার জনসম্পত্তি নষ্ট করা এবং বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিমূলক পরিবেশ ক্ষুণ্ণ করার মতো বিশৃঙ্খল আচরণ বরদাস্ত করা হবে না। বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলি ও ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একদল প্রতিবাদী ছাত্র একাধিক একাডেমিক ভবন তালাবন্ধ করে দেয়। এমনকি কেন্দ্রীয় গ্রন্থাগারেও ঢুকে পড়া হয় এবং অনিচ্ছুক ছাত্রদের প্রতিবাদে যোগ দেওয়ার জন্য ভয় দেখানো হয় বলে অভিযোগ। ২২ ফেব্রুয়ারি রাতের ওই ঘটনার জেরে দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে হাতাহাতি বাধে।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বিবৃতিতে জানায়, “এই ধরনের বিশৃঙ্খল আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সমস্ত ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে, নচেৎ নিয়ম অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন (জেএনইউএসইউ) ‘ইক্যুয়ালিটি মার্চ’-এর ডাক দেয় এবং উপাচার্য শান্তিশ্রী ধুলিপুডি পণ্ডিত-এর পদত্যাগ দাবি করে। ১৬ ফেব্রুয়ারি একটি পডকাস্টে তাঁর মন্তব্যকে ‘জাতিবিদ্বেষমূলক’ বলে অভিযোগ তোলে ছাত্র ইউনিয়ন। ইউজিসি বিধি, দলিত ও সংরক্ষণনীতি সম্পর্কিত মন্তব্য নিয়েও আপত্তি জানানো হয়। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় সম্পত্তি ভাঙচুরের অভিযোগে চার ছাত্রনেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিও জানানো হয়।

প্রতিবাদকারীদের অভিযোগ, প্রশাসন তাঁদের সঙ্গে আলোচনা না করে বরং বিজেপি-ঘনিষ্ঠ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-কে মুখোমুখি হতে দেয়। তবে এবিভিপি এই অভিযোগ অস্বীকার করে বামপন্থী সংগঠনগুলির বিরুদ্ধে সংঘর্ষ উসকে দেওয়ার অভিযোগ তোলে।

বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা) দাবি করেছে, এবিভিপি সদস্যরা জেএনইউএসইউ-র অবস্থানস্থলে পাথর ছোড়ে এবং নিরস্ত্র ছাত্রদের উপর হামলা চালায়, যাতে বহু ছাত্র আহত হন।

অন্যদিকে, জেএনইউ-র এবিভিপি যুগ্ম সম্পাদক বৈভব মীনা দাবি করেন, গভীর রাতে মুখোশ পরা ৪০০-৫০০ জন ক্যাম্পাসে ঢুকে পড়েন এবং লাঠি, রড, ব্যাটন ও পাথর নিয়ে সাধারণ ছাত্রদের পাঠকক্ষ থেকে জোর করে বের করে দেন।

ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা অব্যাহত থাকলেও প্রশাসন জানিয়েছে, একাডেমিক পরিবেশ বজায় রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply