হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ, সকাল ৯টা থেকে শুরু ভোটগ্রহণ

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: আজ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন ওই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন বিধায়িকা কল্যাণী রায়।

ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাজ্যজুড়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। রিটার্নিং অফিসার বিচারপতি এস. সি. দাস জানিয়েছেন, সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং শুরুতে কিছুটা ধীরগতি থাকলেও সকাল ১০টার পর ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ে।

ত্রিপুরা হাইকোর্টে সাতটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। সবকটি কেন্দ্রেই একসঙ্গে ভোটগ্রহণ চলছে বলে তিনি জানান। এছাড়াও বিশালগড়, সোনামুড়া, উদয়পুর, বেলোনিয়া, খোয়াই, কৈলাশহর, কমলপুর ও ধর্মনগরেও ভোটকেন্দ্র খোলা হয়েছে। প্রতিটি কেন্দ্রে রিটার্নিং অফিসার, পোলিং অফিসার ও পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এবং তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মোট ১,৬৭৮ জন ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন, যার মধ্যে আগরতলাতেই রয়েছেন ১,১৯১ জন। এই নির্বাচনে মোট ১১ জন সদস্য নির্বাচিত হবেন।

বিচারপতি দাস জানান, ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোটকেন্দ্র প্রাঙ্গণে প্রবেশ করবেন, তাঁদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট আধিকারিকরা ব্যালট সিল করবেন।

তিনি আরও জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরায় দ্বিতীয় দফায় নির্বাচন হচ্ছে, অন্ধ্রপ্রদেশ ও দিল্লির সঙ্গে।

আগামী ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নিযুক্ত হাই পাওয়ার কমিটি ও দুইজন গণনা বিশেষজ্ঞ রাজ্যে পৌঁছাবেন। ২১ ফেব্রুয়ারি থেকে ভোট গণনা শুরু হবে।